ইসলাম টাইমস ডেস্ক: আল্লামা আহমদ শফী রহ.-এর পরবর্তীতে এককভাবে কাউকে হাটহাজারী মাদরাসার দায়িত্ব না দিয়ে তিনজনকে নির্বাচন করা হয়েছে দেশের প্রচীনতম এই দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠানটির মুহতামিম হিসেবে।
আজ ১৯ সেপ্টেম্বর (শনিবার) আল্লামা আহমদ শফী রহ. -এর জানাযার পর মাদরাসার শূরা কমিটি এ সিদ্ধান্ত নেন। হাটহাজারী মাদরাসা থেকে বিশ্বস্ত সূত্র ইসলাম টাইমসকে এতথ্য নিশ্চিত করেছে।
কমিটিতে থাকা সদস্য তিনজন হলেন, হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি ১) মুফতী আবদুস সালাম। বর্তমান সহকারী পরিচালক ২) মাওলানা শেখ আহমদ ও ৩) মাওলানা ইয়াহইয়া দা.বা.।
সূত্র জানিয়েছে, তিন সদস্য বিশিষ্ট এ কমিটি মাদরাসার সব কাজের সুরাহা করবেন। তাঁদের সবার সমান অধিকার থাকবে। কেউ একজন এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না।
জানা গেছে, শূরার মজলিসে মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম মাওলানা জুনায়েদ বাবুনগরীকে নাজেমে তালিমাত (শিক্ষাসচিব) ও প্রধান শায়খুল হাদীস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হাটহাজারীতে অবস্থানরত ছাত্ররা এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানা গেছে। শূরার এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়ে বলেছেন, এতোদিন আমাদের দাবি ছিল শূরার মাধ্যমে যেন মাদরাসার সার্বিক কাজের সিদ্ধান্ত হয়। এখন থেকে তা হওয়ায় আমরা খুশি।
শূরার এই বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী,মাওলানা নোমান ফয়েজী, মাওলানা সালাউদ্দীন নানূপুরী, মাওলানা সুহাইব,মাওলানা ওমর ফারুক প্রমূখ।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ ৩৪ বছরের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে লাখো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’ নামক কবরস্থানে দাফন করা হয় আল্লামা আহমদ শফী রহ. কে।
















