লাখো ভক্তের অশ্রুসিক্ত ভালবাসায় আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন

ছবি: এখলাস আল ফাহিম

ইসলাম টাইমস ডেস্ক: লাখো ভক্তের অশ্রুসিক্ত ভালবাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি।

শনিবার দুপুর দুইটায় হাটহাজারীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলাণ না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়।

শনিবার সকাল ১০টায় তার লাশবাহী গাড়িটি মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত অনুসারী। আল্লামা আহমদ শফী রহ.-এর লাশ পৌঁছানোর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা।

চারদিক থেকে আসা মানুষের সহায়তায় রাস্তায় শুকনো খাবার ও শরবতসহ নানা পানীয় নিয়ে বিতরণ করছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পুরো হাটহাজারীর সব প্রবেশ পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।

জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে আল্লামা শফীকে দাফন করা হবে।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহসভাপতি হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী, হযরত মাওলানা মুফতী মো: ওয়াক্কাস, হযরত মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল হামীদ, হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুছলিহুদ্দীন রাজু, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, হযরত মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতী নূরুল আমীন, হযরত মাওলানা উবায়দুর রহমান মাহবুব, হযরত মাওলানা মোস্তাক আহমদ, হযরত মাওলানা নূরুল হুদা ফয়েজী, হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা রুহুল আমীন, মহাসচিব হযরত মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব হযরত মাওলানা আব্দুল হালীম বুখারী, সহকারী মহাসচিব মুফতী শাসমুদ্দীন জিয়া, আযাদ দীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা জিয়াউদ্দীন, মহাসচিব হযরত মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা আরশাদ রাহমানী, সহসভাপতি হযরত মাওলানা মাহমুদুল আলম, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড এর সভাপতি হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব হযরত মাওলানা মোহাম্মাদ আলীসহ দেশের বরেণ্য আলেম উলামা সকলেই উপস্থিত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদআসছে ভারতীয় পেঁয়াজ, মান নিয়ে সংশয়
পরবর্তি সংবাদট্রাকচাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা