প্রিয় মানুষটির জানাযায় অংশ নিতে হাটহাজারীতে লাখো মানুষের ঢল

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমির, আল্লামা আহমদ শফী রহ. এর জানাযায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার অভিমুখে।

শনিবার ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত-অনুসারীরা। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তাই জানাযায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুরো এলাকাজুড়ে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য আছেন হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করছেন ৭জন ম্যাজিস্ট্রেট।

জোহরের নামাজের পর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন মরহুমের বড় ছেলে পুত্র মাওলানা মোহাম্মদ ইউসুফ। জানাজা শেষে মাদ্রাসার ভেতরে বায়তুল আতিক জামে মসজিদ কবরস্থানে দেশ বরেণ্য এ আলেমকে দাফন করা হবে।

পূর্ববর্তি সংবাদপঁচে যাওয়ার ভয়ে আগের এলসির পেঁয়াজ ছাড়ের অনুমতি দিলো ভারত
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফী রহ.-এর জানাজায় ইমামতি করবেন বড় ছেলে মাওলানা ইউসুফ