ইসলাম টাইমস ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল বলে রিপোর্ট করছে মার্কিন গণমাধ্যম। তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই ওই চিঠি জব্দ করা হয়েছে। খবর সিএনএন ও বিবিসির।
ওই প্যাকেটটি পরপর দু’বার পরীক্ষা করা হয়। দু’বারই বিষাক্ত রিচিনের উপস্থিতি টের নিশ্চিত হন নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্পের নামে এই প্যাকেটটি এসেছে কানাডা থেকে। তবে কে পাঠিয়েছে এবং নিরাপত্তা ভেদ করে কীভাবেই বা হোয়াইট হাউজে তা ঢুকল এসব বিষয় খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস।
তাদের পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে। কানাডার জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ম্যারি-লিজ পাওয়ার জানিয়েছেন এই ঘটনা উদঘাটনে তারা মার্কিন সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে। তবে তদন্তের আগে এ বিষয়ে তারা আর কোনও কথা বলতে রাজি নয়।
এই ঘটনার পর হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো সকল পার্সেলের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে কোনও পার্সেল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হোয়াইট হাউজে ঢুকবে না।
পাশাপাশি একই ধরনের অন্যান্য প্যাকেটগুলোও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
















