ভারতের সাথে বন্ধুত্ব অটুট রয়েছে, আরো সুদৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে ।

বুধবার ঢাকার দোহার উপজেলায় মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে।

এর আগে দোহারের শাইনপুকুরে মন্ত্রীর নিজ বাসভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সকাল ১১টার দিকে সৌজন্য সাক্ষাতের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা বীর প্রতিক মাহফুজুর রহমান খানের কবরে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রীভা গাঙ্গুলী। পরে মন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার গান্ধী আশ্রম পরিদর্শন করেন।

সৌজন্য সাক্ষাত এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. জাবেদ পাটোয়ারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বাংলাদেশ পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদজাতিসংঘ ইসরাইলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে ব্যর্থ: হামাস
পরবর্তি সংবাদবাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের করোনা পরিস্থিতিতে বিস্মিত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা