এদিকে সৌদি আরব থেকে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রশ্নে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরব সরকারকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু সৌদি আরবে সরকারি ছুটি থাকায় সিদ্ধান্তের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
দু’দিন ধরে প্রবাসীদের অনেকে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বিমানের টিকেট এবং ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ঢাকায় বিক্ষোভ করেন।
সেই প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর একটি বৈঠক আজ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এ ধরণের বিক্ষোভ বা আন্দোলন করলে সৌদি আরবের কাছে ভুল বার্তা যাবে।’
গত ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় সৌদি সরকার। সৌদি এয়ারলাইনসকে সপ্তাহে দুটি ফ্লাইট চালানোর অনুমতি দেয় সরকার। কিন্তু বাংলাদেশ বিমানকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। আর এতে বিপাকে পড়েন প্রবাসীরা।
এর আগে মঙ্গলবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসী যাত্রীরা। সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সমস্যা সমাধানের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন।
গত চার দিন ধরেই সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করে বিক্ষোভ করছেন যাত্রীরা। জটিলতা দূর করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।
গত সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।
এই জটিলতা শুরু হয়েছে যখন সৌদি সরকার হঠাৎ করেই ঘোষণা দিয়েছে যে শ্রমিকদের সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে সৌদি আরবে ফিরতে হবে।
এদিকে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের আকামার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার দেশটিতে বাংলাদেশ দূতাবাস এ অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, আকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।
















