ইসলাম টাইমস ডেস্ক: দেশের প্রাচীনতম কওমী মাদরাসা দারুল উলূম হাটহাজারীর সদরুল মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর মাদরাসাটির ব্যবস্থাপনা ও পরিচালনায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে। তিন সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি, ৬ সদস্যের মজলিসে শুরা গঠনসহ অনেক বিষয়কে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।
এরই মধ্যে ইতিপূর্বে অন্যায়ভাবে বরখাস্ত হওয়া তিনজন শিক্ষককে পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি বিতর্কিত দু’জনকে দেওয়া হয়েছে অব্যাহতি ।
কয়েক মাস পূর্বে হঠাৎ বিনা নোটিশে অব্যাহতি দেয়া হয় তিন শিক্ষককে। তারা হলেন, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী, মাওলানা হাসান।
মঙ্গলবার রাতে মাদরাসার মজলিসে ইলমী এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র ইসলাম টাইমসকে নিশ্চিত করেছে।
এছাড়া মাদরাসার সবকও নতুনভাবে বন্টন করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী খুব শান্ত অবস্থা বিরাজ করছে হাটহাজারী মাদরাসায়। পুনর্নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণও যথারীতি দরস আরম্ভ করে দিয়েছেন।
অন্যদিকে বিতর্কিত নিয়োগের ২ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন, মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ।
গত সোমবার পর্যন্ত আল্লামা আহমদ শফী রহ.-এর শোকের কারণে মাদরাসার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও গতকাল মঙ্গলবার থেকে মাদরাসার নিয়মতান্ত্রিক কার্যক্রম আরম্ভ হয়েছে।
উল্লেখ্য, দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম ও সচেতন মুসলমানরা হাটহাজারীর এই সিদ্ধান্তগত পরিবর্তনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখলেও এক শ্রেণির চিহ্নিত মিডিয়ার বিরুদ্ধে হাটহাজারী, বেফাক ও কওমী মাদরাসা সম্পর্কে বিভিন্ন মহল থেকে নানা উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে।
















