ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ওয়ালিদ হোসেন বিদ্যুত নামে এক কিশোর।
জানা গেছে, আলমডাঙ্গা রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর বসে গেম খেলায় বিভোর ছিল ওই কিশোর। এ সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় রক্তাক্ত জখম হয় সে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি গ্রামের আকরাম হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন বিদ্যুত (১৮) চাকরির সুবাদে বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গা শহরে অবস্থান করছিল।
তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার পপুলার মেডিকেল সেন্টার ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার ভোরে তার মৃত্যু হয়।
















