ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফিলিস্তিন গড়তে ১৫ বছর পর নির্বাচনে হামাস-ফাতাহ

ইসলাম টাইমস ডেস্ক: পনেরো বছর পরে ফিলিস্তিনে আবার ভোট হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ এই নির্বাচন নিয়ে একমত হয়েছে।

গত দুই দিন ধরে তুরস্কে আলোচনায় বসেছিলেন হামাস ও ফাতাহ নেতারা। আলোচনার পর দুই পক্ষ জানিয়েছে, প্যালেস্টাইনে আগামী ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচন  হবে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ন্ত্রণ করে। আর হামাসের নিয়ন্ত্রণ গাজা ভূখণ্ডের ওপর। গত প্রায় এক দশক ধরে এই দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে সমানে লড়েছে। অবশেষে তারা সাধারণঁ নির্বাচন করতে রাজি হলো।

ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক শুরুর পর হামাস ও ফাতাহ নিজেদের বিরোধ মিটিয়ে ফেলার তাগিদ অনুভব করে। কারণ, ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফিলিস্তিনের ছবি তুলে ধরা এখন জরুরি বলে হামাস ও ফাতাহ নেতারা মনে করছেন। তাই তাঁরা একজোট হয়েছেন।

সংবাদসংস্থা এএফফপি-কে হামাস নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, ”এ বার সত্যিকারের মতৈক্যে পৌঁছেছে দুই গোষ্ঠী। দুই গোষ্ঠীর মতপার্থক্যের জন্য দেশের ক্ষতি হয়েছে। তাই এ বার দুই পক্ষ একসঙ্গে বসে বিরোধ মিটিয়েছে।” ফাতাহ নেতা জিবরিল আল-রাজৌব রয়টার্সকে বলেছেন, ”মতৈক্য হয়ে গেছে। এ বার নির্বাচনের দিন ঘোষণা হবে।”

২০০৭ সালে এই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের এই দুই গোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। তারপর ফাতাহ ওয়েস্ট ব্যাঙ্কে এবং হামাস গাজা ভূখণ্ডে অধিকার নেন। এর আগেও দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা হয়েছে। কিন্তু তা সফল হয়নি। ২০১২ সালেও দুই গোষ্ঠী বিরোধ মেটাতে সম্মত হয়। কিন্তু সেই চুক্তিও বেশিদিন স্থায়ী হয়নি।

২০০৬-এর নির্বাচনে হামাস অপ্রত্যাশিত সাফল্য পায়। তারপর তারা গাজা ভূখণ্ড থেকে ফাতাহ-দের বের করে দেয়। কিন্তু ফাতাহরা ওয়েস্ট ব্যাঙ্কে অধিকার কায়েম রাখে। গত ১৪ বছর ধরে দুই জায়গাতে কোনো নির্বাচন হয়নি।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় সুস্থ ১ হাজার ৯৩২, মৃত্যু ২১ জনের
পরবর্তি সংবাদবিএনপি ‘অবৈধ পথে’ ক্ষমতায় আসার চেষ্টা করছে: সেতুমন্ত্রী