ইতিহাস বিকৃতির অভিযোগে তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ।

মামলার বাদী ছড়াকার আবু সালেহ নিজেই গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- নাট্যকার মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।

প্রসঙ্গত বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একটি নাটক সম্প্রচার হয়।

নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

নাটকটি প্রচারের পর থেকেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির অভিযোগ, ‘ইনডেমনিটি’ নাটকের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদআল্লামা আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক: হাটহাজারী মাদ্রাসা-শিক্ষকদের বক্তব্য
পরবর্তি সংবাদএ রায় সাহেদের মত ‘ধুরন্ধরদের’ জন্য বার্তা: আদালত