শিক্ষাব্যবস্থায় স্থবিরতা, ফের বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি করা হতে পারে। রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে দেশের করোনার সার্বিক পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা দিতে পারেন।

করোনাকালীন শিক্ষা ব্যবস্থা বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

মহামারির কারণে কয়েক দফা বাড়িয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।

মহামারির কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করার কথা রয়েছে। অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা হওয়ার কথা ছিল। জেএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সভা করে একটি গাইডলাইন অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব করেছে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, এইচএসসি পরীক্ষার বিকল্প নেই। কারণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ উচ্চ শিক্ষার বিষয়টি এইচএসসি পরীক্ষার ওপর নির্ভর করছে। এজন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়।

এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর করোনার কারণে একাদশ শ্রেণিতে দেরিতে হলেও গত ৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তি কার্যক্রমও শুরু করা হয়েছে। উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে সীমিত পরিসরে ক্লাস চালু করেছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়। সব মিলে শিক্ষা ব্যবস্থাতেও স্থবিরতা নেমে এসেছে।

পূর্ববর্তি সংবাদসৌদিকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদএমসি কলেজে গণধর্ষণ: এবার গ্রেফতার ছাত্রলীগ নেতা রাজন