ইসলাম টাইমস ডেস্ক: সীমান্ত এলাকা দিয়ে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিভাগের অর্গানাইজড ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. শাহীন, মো. রফিকুল ইসলাম, বিপ্লব ঘোষ, আক্তারুল ও মো. বাবলু। তাদেরকে রোববার যশোর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান রেজাউল।
তিনি বলেন, “শাহীনের কাজ ছিল ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে পাচারের উদ্দ্যেশে গাড়ি চালিয়ে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া। যশোরের সীমান্ত এলাকায় তাদের রাখা হত রফিকুলের বাড়িতে।”
সিআইডি বলছে, গ্রেপ্তারদের মধ্যে বিপ্লব হলেন রফিকুলের সহযোগী। আর সীমান্ত দিয়ে নৌকায় পাচারের কাজটি করতেন বাবলু।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্ত করতে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে রেজাউল হায়দার বলেন, “বাংলাদেশ ও ভারতের দুই চক্রের যোগসাজশে পাচারের কাজটি চলত। পাচারের শিকার নারীদের তারা বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করত।”
গ্রেপ্তার পাঁচজনকে সোমবারই আদালতে হাজির করা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই চক্রের আরও চার সদস্যকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল।
















