ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে আটকে পড়া বাংলাদেশী প্রবাসীদের ফেরত যাওয়ার সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপে এ অনুরোধ করেন।
ড. মোমেন আকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ফ্লাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমানকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
এর আগে ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশীরা নিজ কর্মে যোগ দেয়ার জন্য সৌদি আরবে ফিরে যেতে পারছিলেন না। সৌদি আরব সরকার বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল। এর জেরে বাংলাদেশও সৌদি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। অনিশ্চয়তার মুখে বাংলাদেশে আসা সৌদি প্রবাসীরা বিক্ষোভ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ বিষয়ে ২৩ সেপ্টেম্বর একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসীদের সুবিধার্থে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বাংলাদেশ। একই দিন বিমানকেও ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।
সেই সঙ্গে ভিসার মেয়াদ যাদের শেষ হয়ে গেছে, তারা ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকার সৌদি দূতাবাসে গিয়ে মেয়াদ বাড়িয়ে নিতে পারছেন। আর চলতি আরবি মাসের ২৪ দিন পর্যন্ত কফিলের কাছ থেকে আকামার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন প্রবাসীরা।
















