আজও সড়কে সৌদি প্রবাসীরা, ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে আজও সড়কে নেমে এসেছেন সৌদি প্রবাসী শ্রমিকরা। তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেলের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়েন দুর্ভোগে।

এর আগে তারা কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁওর সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় সৌদি প্রবাসী শ্রমিকরা স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে প্রবাসী শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়।

প্রবাসী শ্রমিকদের দাবি , স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং টিকিট দেয়া নিয়ে হয়রানি বন্ধ করা।

বিক্ষোভে অংশ নেওয়া সৌদিপ্রবাসী রাজু আহমেদ বলেন, ভিসা নবায়ন সংক্রান্ত সমস্যা সরকার চাইলেই সমাধান করতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি সৌদি দূতাবাসে পদক্ষেপ নিতে বলেন তাহলে সৌদি আরব অবশ্যই এটি করবে। আমাদের ছাড়া সৌদি আরবের চলবে না। আমাদের মত শ্রমিকদের দিয়েই সৌদি আরবের সব ধরনের কাজ হয়।

গত সোমবার থেকেই টিকিটের দাবিতে সৌদিপ্রবাসীরা বিক্ষোভ করছেন। তাদের অনেকেরই দাবি ছিল, সৌদি আরবে তাদের ইকামার (সৌদি আরবে কাজের অনুমতিপত্র) মেয়াদ বৃদ্ধি ও একাধিক ফ্লাইট চালু করা। এর মধ্যেই গত ২৩ সেপ্টেম্বর ইকামার মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরব। তবে প্রবাসী শ্রমিকদের দাবি, সরকার ঘোষণা দিলেও তারা তার প্রতিফলন দেখছেন না।

হাতিরঝিল থানা পুলিশ প্রবাসীদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, প্রবাসীদের অনেকেই রাতে আশপাশের আবাসিক হোটেলে অবস্থান নিয়েছিলেন। সকাল থেকে তারা সাউদিয়ার বাইরে অবস্থান শুরু করেন। তবে তারা সড়কের পাশে ও ফুটপাতে রয়েছেন। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন: সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে আজও সড়ক অবরোধ, তীব্র যানজট

পূর্ববর্তি সংবাদজাহালমকাণ্ড: ক্ষতিপূরণ নিয়ে রুলের রায় বুধবার
পরবর্তি সংবাদএমসি কলেজে গণধর্ষণ: পাঁচ দিনের রিমান্ডে আরও তিন আসামি