স্থলবন্দর খুলে দিতে ভারতকে অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা স্থলবন্দর খুলে দিতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তার মাধ্যমে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এতে দু দেশের নাগরিকেরা সড়ক পথে সহজে যাতায়াত করতে পারবে। করোনাভাইরাস মহামারির কারণে গত ৬ মাস থেকে ভারতে স্থলপথে যাতায়াত বন্ধ রয়েছে।

আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতেও ভারতের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকেরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে। ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বও দেন মন্ত্রী। ৬ষ্ঠ জেসিসির মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান আব্দুল মোমেন।

বাংলাদেশে ১৬তম ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ ২০১৯ সালের ১ মার্চ দায়িত্ব পালন শুরু করেছিলেন। এ দায়িত্ব শেষে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন। এরইমধ্যে ১৭তম হাই কমিশনার হিসেবে বিক্রম কুমার দোরাইসামিকে নিয়োগ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আগামী ৫ অক্টোবর থেকে কাজে যোগ দেবেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদহাজারীবাগে দুই শিশু সন্তানের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা
পরবর্তি সংবাদ‘বাবরি মসজিদ: এ সিদ্ধান্ত বিশ্বের দরবারে ভারতের আদালতকে কলঙ্কিত করবে’