ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত বিশ্বনেতারা এর প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনেতারা মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট বার্তায় বলেন, আমার অন্যতম শুভাকাঙ্ক্ষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
ট্রাম্পকে ‘বন্ধু’ অ্যাখ্যা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে পোস্ট করেন, ‘আমার বন্ধু ডোনাল্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করি’।
ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক টুইট বার্তায় বলেন, এই মুহূর্তে লাখো ইসরায়েলবাসী এবং আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার কথা ভাবছি। ইসরায়েলের বন্ধু ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করে টুইটারে পোস্ট করেছেন।
এছাড়াও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল তার টুইটার পেজে লিখেছেন, ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আবার একসঙ্গে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার অফিসিয়াল টুইটারে এক বার্তায় বলেন, ‘আমি আশা করি কভিড-১৯ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মেলানিয়া ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি আশা করি তারা কোয়ারেন্টিনের সময়গুলোতে যাতে কোনো সমস্যায় না ভুগেন। যথাসম্ভব দ্রুত তার স্বাস্থ্যগত অবস্থা আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবেন বলে আমি উন্নতি করবেন।’
















