বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে গর্ব করার মতো কাজ করছে পুলিশ। বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়, আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি।’

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আইজিপি বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদেরকে মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে।

কামাল বলেন, যেকোনো দুর্যোগে মানুষ যখনই অসহায় অবস্থায় পড়েছে তখনই পাশে দাঁড়িয়েছে পুলিশ।

পুলিশের দুই লক্ষাধিক সদস্য যাতে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, সেজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিকেল সার্ভিসেস’ গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সভায় আলোচনা করা হয়। পুলিশের সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রকল্প নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসসহ পুলিশের এডিশনাল আইজিপিগণ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদখাঁচাবন্দি করে পাখি লালন-পালনের বিধান
পরবর্তি সংবাদসস্ত্রীক করোনায় আক্রান্ত ট্রাম্প, আছেন কোয়ারেন্টিনে