গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু, বেড়েছে সুস্থতার সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩২৫ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন করোনা রোগী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮০ হাজার ৬৯ জন হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।

 

পূর্ববর্তি সংবাদবেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মাওলানা মাহমুদুল হাসান
পরবর্তি সংবাদদুর্নীতি ও ধর্ষণ নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে: নেজামে ইসলাম পার্টি