কুমিল্লায় যাত্রীবাহী বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংসাইড থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টারলাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসচালক ও এক নারী যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, লাশ ও দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

পূর্ববর্তি সংবাদকক্সবাজারের নতুন এসপি করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদবেনাপোল দিয়ে গত ১০ দিনে ভারতে ৮০৫ টন ইলিশ রফতানি