ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পার্টির নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে নারী ধর্ষণের বিরুদ্ধে কুরআনের বিধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে।
প্রধান অতিথির ভাষণে পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইযহার বিভিন্ন জায়গায় প্রতিবাদী জনতার মিছিল ও মানববন্ধনের উপর সরকারের পেটোয়া বাহিনী পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্ষণের সেঞ্চুরি পালনকারী আওয়ামী লীগের সোনার ছেলেদের পক্ষ নিলে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে পরিণত হবে এবং তা সরকারের পতন অনিবার্য করে তুলবে।

মাওলানা আবু তাহের খান বলেন, দেশের অব্যাহত ধর্ষণকাণ্ড গুম-খুন ও সন্ত্রাসের সাথে সরকারের ছত্রছায়ায় লালিত-পালিত দলীয় লোকজন সুস্পষ্ট ভাবে জড়িত রয়েছে। ছাত্রলীগ ইতিমধ্যে একটি ধর্ষক সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। গণবিরোধী এইসব ব্যক্তি ও গোষ্ঠিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা উচিত।
পার্টির ঢাকা মহানগর আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সহকারি অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, মহানগর নায়েবে আমির মুফতি দীনে আলম হারুনী, মুফতি আব্দুস সাত্তার, মুফতি হাবিবুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফরহাদ আলমসহ প্রমুখ।
















