ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের অপহরণকারী চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান।

শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানাধীন চানমারী মাউরাপট্টি সেকশন মাঠ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই ১১ সদস্যকে আটক করা হয়। তারা হলেন— রাসেল মিয়া ওরফে রাসেল (১৮), জালাল (১৮), আমিনুল ইসলাম (২৩), জনি ওরফে শফিকুল ইসলাম (১৮), জাকির হোসেন ওরফে জাকির (১৮), আনোয়ার (১৮), জুয়েল রানা (২২), আবু নাঈম (১৮), ফেরদৌস ইসলাম (১৮), আব্দুল্লাহ ওরফে শুভ (২৪) ও সাইফুল ইসলাম ওরফে শান্ত (১৮)।

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটকরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

৮ অক্টোবর কিশোর গ্যাং গ্রুপের ওই সদস্যরা অপর এক কিশোরকে অপহরণ করে চানমারী মাউরাপট্টি সেকশন মাঠ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখে এবং মারধর করে তার কাছে থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।  পরবর্তীতে ভিকটিমের মায়ের কাছ ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের মা ১০ হাজার টাকা দেবে বলে জানান।

তারপর ভিকটিমের মা র‌্যাবের কাছে অভিযোগ করেন। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার সত্যতা পেয়ে ৯ অক্টোবর দিবাগত রাতে ভিকটিমকে উদ্ধার করে ওই কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে নারায়গঞ্জের ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু, সুস্থ ১ হাজার ৪৫৩
পরবর্তি সংবাদবঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘গতি’