ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণ ও ব্যভিচার প্রতিরোধে সমমনা ইসলামী দলসমূহ ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে এই ৬ দফা আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে থেকে গণ মিছিলের ডাক দিয়েছেন তারা।
আজ বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে একথা জানান তারা।
ঘোষিত ৬ দফা:
১। যিনা, ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২। পর্ণোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। মাদকদ্রব্যের অবাধ-প্রাপ্তি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
৪। নারীর অশ্লীল উপস্থাপনা ও পণ্য হিসাবে ব্যবহার বন্ধ করতে হবে।
৫। আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং বিচার কাজকে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে।
৬। নারীর মর্যাদা এবং অধিকার সংরক্ষণে কুরআন-হাদীসের শিক্ষাসমূহ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।
এ ৬ দফা আদায়ের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে গণমিছিল কর্মসূচি পালন করবে সমমনা ইসলামী দল সমুহ।
গণমিছিলে নেতৃত্ব দেবেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড.মোঃ ঈশা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।
গণ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন বিজয় নগর হয়ে নাইটেঙ্গল মোড়ে গণ সমাবেশে মিলিত হবে। এতে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
প্রশাসনের অনুমোদনসহ গণমিছিলের যাবতীয় প্রস্তুতি ইতি পূর্বে সম্পন্ন করা হয়েছে মর্মে জমিয়তের প্রচার সম্পাদক ও গণমিছিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা জয়নুল আবেদীন গণ মাধ্যমকে জানিয়েছেন।
আরো পড়ুন: ‘আমরা গ্যারান্টি দিচ্ছি, শরীয়া আইনে মৃত্যুদণ্ড কার্যকর হলে এমন জঘন্য ঘটনা বারবার ঘটবে না’
ধর্ষণের খবর প্রচারেও দরকার সতর্কতা
সমাজচিত্র: উপড়ে ফেলতে হবে এই ঔদ্ধত্যের শেকড়
















