তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১

ইসলাম টাইমস ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবিতে নতুন করে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির এক আদালত।সবশেষ উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে তিনজন শিশু; এর মধ্যে একজনের বয়স ছয় মাসেরও কম। নারী রয়েছেন সাতজন, তাদের বয়স ২০ থেকে ৩০ এর ঘরে। এ ছাড়া রয়েছেন তিউনিসিয়ার দুজন পুরুষ।

নৌকা ডুবির এ ঘটনায় এর আগে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয় বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে সাতজনকে।

সফ্যাক্স আদালতের মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকা ডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এদিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা শনিবার রাত ও রোববার সকালের মধ্যে অভিযান চালিয়ে ভূ-মধ্যসাগর পাড়ি দেওয়া থেকে ৩২টি দলকে ঠেকিয়েছে। এসব ঘটনায় জড়িত ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনা এদেশে বিচারের সংস্কৃতি চালু করেছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদএমপি মুজিবুর রহমান নিক্সনের বিরুদ্ধে আজ-কালের মধ্যে মামলা: সিইসি