ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর বর্ষিয়ান আলেম, হেফাজতে ইসলামের জেলা আমীর ও জহিরিয়া মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম রোববার ভোরে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। জেলার সর্বজন শ্রদ্ধেয় এ আলেমের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। রোবাবর বাদ আছর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে মরহুমের জানাযায় হাজারো মুসল্লীর ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশাল এ ময়দান।
জানাযা শেষে বাদ মাগরিব ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে পদুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির দরজায় নিজ প্রতিষ্ঠিত পদুয়া কাসেমুল উলুম মাদরাসার পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আবুল কাশেম জীবদ্দশায় ফেনী পৌর ইমাম কমিটির সভাপতি এবং দীর্ঘদিন ফেনী কোর্ট মসজিদের খতিব ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
















