নাব্যতা সংকট: কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফের লঞ্চ চলাচল বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।  নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে লঞ্চ মালিক ও চালকরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

 

সূত্রটি জানায়, নৌপথে নাব্যতা সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ।

সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে  চালক ও মালিকরা। আর গত কয়েকদিন ধরে একটানা বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্যতা সংকট রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।

এদিকে সকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়।

পূর্ববর্তি সংবাদমুরাদনগরে জাতীয় সংগীতের সুরে হামদ পরিবেশন করায় মাদরাসা বন্ধ করে দিল প্রশাসন
পরবর্তি সংবাদমুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করার প্রস্তাব