ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের ৩৪ বিজিবির সঙ্গে আজ বৃহস্পতিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাঁইশফাড়ি সীমান্তের ৩৫ নম্বর পিলারের পাশে বিজিবির সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মো. আদহাম (৩০) নামের ওই ব্যক্তি নিহত হন।
তিনি তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাশেমের ছেলে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুলপরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এ সময় ১০/১২ জনের একটি দল মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করলে টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। তখন অজ্ঞাতনামা ইয়াবা কারবারিরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে উক্ত রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশীয় তৈরি একনলা বন্দুকসহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
















