আল্লামা আহমদ শফী রহ.-এর স্মারকগ্রন্থ প্রকাশে সহযোগিতার আহবান

ইসলাম টাইমস ডেস্ক: আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জীবন ভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশে দেশ-বিদেশে তার খলিফা, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ।

আজ  ২১ অক্টোবর, ২০২০, বুধবার সকালে হযরত আহমদ শফী রহ.-এর পরিবারের সদস্যদের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত প্রেস কনফারেন্সে এই কথা বলেন তারা।

সাংবাদিক সম্মেলনে তারা বলেন, ‘আপনারা অবগত আছেন, বিগত ১৮.৯.২০২০ তারিখে আল্লামা আহমদ শফী রহ. ইন্তেকাল করেছেন। হযরতের কর্মজীবন ছিলো দীর্ঘ আশি বছরের। দীর্ঘ এই কর্মজীবনে তিনি আঞ্জাম দিয়েছেন বহুমুখী খেদমত। এদেশের মুসলিম উম্মাহর জন্য রয়েছে তার বিরাট অবদান। তার বর্ণাঢ্য দীর্ঘ জীবনের নানা দিক সংরক্ষণ করা সবার কর্তব্য। দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে জোর দাবি উঠেছে, তার বর্ণিল জীবনকে কাগজের পাতায় স্মারক হিসেবে প্রকাশ করার জন্য। এই প্রেক্ষাপটে আল্লামা আহমদ শফী রহ.-এর পরিবারবর্গ এবং তার হাতেগড়া সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ এর যৌথ উদ্যোগে তার বর্ণাঢ্য স্মারক প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা এই আহ্বানও জানাবো, আল্লামা আহমদ শফী রহ.-এর জীবনের সব দিক নিয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ গবেষণা করা অপরিহার্য। তাই তার পরিবারবর্গ এবং তার হাতেগড়া আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ ছাড়া আপাতত কেউ যেন স্মারক প্রকাশ না করে। বস্তুনিষ্ঠ গবেষণা ছাড়া স্মারক প্রকাশ করলে তার অবিতর্কিত জীবন বিতর্কিত হবার তীব্র আশঙ্কা রয়েছে।’

আজকের এ প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা দেশ-বিদেশে ছড়িয়ে থাকা হজরতের খলিফা, মুরিদান, ছাত্র-শিস্য এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জীবনের নানান দিক নিয়ে তথ্য দিয়ে স্মারক কমিটিকে সহযোগিতা করতে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা আহমদ শফী সাহেব রহ.-এর বড় ছেলে আঞ্জুমানের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ ইউসুফ, আঞ্জুমানের আমীর ও ছোট ছেলে মাওলানা আনাস মাদানীসহ পরিবারের একাধিক সদস্য। এছাড়া খলিফাদের মধ্যে মাওলানা আবু সায়েম মোহাম্মদ খালেদ, মুফতি আব্দুস সাত্তার, মুফতি নাসির উদ্দীন কাসেমী, মুফতি সালমান, মুফতি নূরে আলম, মাওলানা আসআদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মুফতি মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদসাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতার
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের হামলা, গুলিতে নিহত ৩