বগুড়ায় আ.লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে বুধবার সকালে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম মোস্তাফিজুর রহমান মোস্তা (৫২)। তাকে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

নিহত মোস্তাফিজুর রহমান মোস্তা শিবগঞ্জ উপজেলার পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি একই ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য ও এমএবি ইট ভাটার মালিক ছিলেন।

নিহত মোস্তার স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আলাদীপুরে তার ইটভাটায় যাওয়ার কথা বলে বের হন। রাত ২টা পর্যন্ত মোস্তার স্ত্রী তার মোবাইলে ফোন করলেও সেটি কেউ রিসিভ করেনি।

এরপর বুধবার সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে মোস্তার গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, পুকুর পাড়ে মরদেহ পাওয়া গেলেও সেখানে তাকে হত্যা করার কোনো আলামত নেই। এ কারণে তারা ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ তার বাড়ির কাছে পুকুর পাড়ে ফেলে রাখা হয়। নিহতের হাত-পায়ের রগ কাটা ছাড়াও মাথায় আঘাতের চিহ্ন এবং পা ভাঙা ছিল।

এলাকাবাসী আরও জানায়, মোস্তা এক সময় অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। সেসময় তার নামে ছিনতাই, ডাকাতি, চোরাকারবারি ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল। পরবর্তীতে তিনি ওই জগৎ থেকে বেরিয়ে বালুর ব্যবসা শুরু করেন।

গত ১০ বছরের মধ্যে তিনি এলাকায় বালুর ব্যবসা করে ইট ভাটার মালিক হন। এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি উল্লেখ করে ওসি বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। অপরাধীদের চিহ্নিত করা গেলে কারণও জানা সম্ভব হবে।

পূর্ববর্তি সংবাদসালাম : আমাদের স্বকীয়তা
পরবর্তি সংবাদনিউ ইয়র্ক টাইমসের খবর: চীনে ব্যাংক অ্যাকাউন্ট আছে ট্রাম্পের!