আফগানিস্তানে মসজিদে বিমান হামলা, শহীদ ১১ তালিবুল ইলম

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে একটি মাদরাসার মসজিদে বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তন্মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিশু শিক্ষার্থী এবং বাকিজন তাদের নামাজের ইমাম।

বিবিসির সূত্রমতে, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

তবে আফগান সরকারের দাবি, ওই হামলা ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

প্রদেশটিতে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা হয়। সেসময় নামাজের ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আহত হয়েছে আরও ১৪ জন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, হতাহতদের অধিকাংশই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ‘ভুয়া’ বলে জানিয়েছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তি সংবাদসীমান্ত হত্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ধর্ষণরোধে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ