সন্তানের সামনে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীর সম্ভ্রম লুট, যুবলীগ নেতা গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর চাটখিলে ঘরের দরজা ভেঙ্গে প্রবাসীর স্ত্রীকে সন্তানের সামনে সম্ভ্রম লুটের (ধর্ষণ) অভিযোগে গ্রেফতার করা হয়েছে  যুবলীগ নেতাকে। গ্রেফতারকৃত যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান শরিফের (৩২) বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শরিফকে সাথে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় শরিফের দেয়া তথ্যমতে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, পাঁচটি মোবাইলসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়।

এ ঘটনায় শরিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

গতকাল বুধবার ভোরে ওই প্রবাসীর বাড়ির দরজা ভেঙ্গে তার স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে সম্ভ্রম লুট (ধর্ষণ) করে শরিফ। এ সময় শরিফ বাহিনীর কিছু ক্যাডার ঘরের চারপাশে পাহারা দিতে থাকে। তাদের ভয়ে বাড়ির লোকজন কেউ এগিয়ে যায়নি। এসময় ভূক্তভোগীর দুই শিশু সন্তান জেগে ছিল। তাদের সামনেই মায়ের সম্ভ্রম লুট (ধর্ষণ) করা হয়।

এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী নারী থানায় মামলা করলে বিকেলে নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন হাজির বাজার থেকে শরিফকে গ্রেফতার করে পুলিশ।

পূর্ববর্তি সংবাদলিবিয়া উপকূলে নৌকাডুবি: ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
পরবর্তি সংবাদ২৪ ঘন্টায় সুস্থ ১৬৮৭, মৃত্যু ২৪ জনের