ইসলাম টাইমস ডেস্ক: দেশ করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের চূড়া বা ‘পিক’ গত আগস্টে পার হয়ে গেছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদেরা। তবে তারা বলছেন, চূড়া পেরিয়ে গেলেও দেশে এখনো সংক্রমণের প্রথম ঢেউ চলছে। ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে আজ শনিবার জনস্বাস্থ্যবিদেরা এসব তথ্য জানান। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এই ভার্চ্যুয়াল সেমিনারের আয়োজন করে।
করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, দেশে প্রথম রোগী পাওয়া যায় ৮ মার্চ। এপ্রিলে সংক্রমণ হার ১২ শতাংশে উঠে। ৩১ মেতে সংক্রমণ হার ২০ শতাংশে ঠেকল। এরপর ২০ আগস্ট পর্যন্ত এই হার ২০-এর বেশি ছিল। ২১ আগস্ট সংক্রমণ হার কমে ১৮-এর ঘরে নামে।
নজরুল ইসলাম বলেন, অনেকেই প্রশ্ন করে দেশে সংক্রমণের পিক বা চূড়া কবে হলো? ৩১ মে থেকে ২০ আগস্ট পর্যন্ত চূড়া ছিল। সাধারণত সুচালো ও মালভূমি আকৃতি এই দু’ধরনের চূড়া দেখা যায়। আমাদের দেশে মালভূমির মতো চূড়া ছিল। তবে এখন প্রথম ঢেউ শেষ হয়নি। সংক্রমণ ১০ শতাংশের ঘরে আছে।
















