ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা ও মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘অবিবেচক’ মন্তব্যের কারণে পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। জিওনিউজ, ডেইলি জং-এর অনলাইনে এই খবর জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে বিশ্বে বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশের জনগণের ধর্মীয় আবেগের প্রতি সম্মান জানানো দেশ প্রধানের কর্তব্য। কিন্তু ফ্রান্সে বিষয়টি উপেক্ষিত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূতের সামনে পাকিস্তান ও বিশ্ব-মুসলিমের আবেগের বিষয়টি তুলে ধরা হবে বলে জানান তিনি।
এসময় শাহ মেহমুদ কুরেশি সব ভেদাভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান।
আরো পড়ুন: এরদোগানের পর এবার ম্যাঁক্রোকে তোপ দাগলেন ইমরান খান
এতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আরও উল্লেখ করেন, আগামী বছরের ১৫ মার্চে অনুষ্ঠিতব্য ওআইসির বার্ষিক সভায় ইসলাম ফোবিয়া নিয়ে আলোচনা করার প্রস্তাব করেছে পাকিস্তান।
বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারও নেই। তিনি জাতিসংঘকে এ ধরনের ঘৃণাবিদ্বেষ ছড়ানোর বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান।
এ মাসের প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানোকে ব্যক্তিস্বাধীনতা উল্লেখ করে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা ফ্রান্সের মুসলমানদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিচ্ছিন্নতাবাদী দাবি করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দেন।
















