ইসলাম টাইমস ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের মায়ের অনশন ভাঙিয়েছেন সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছেলের হত্যাকারীদের বিচার ও কঠোর শাস্তির দাবিতে কাফনের কাপড় বেঁধে আমরণ অনশনে বসেছিলেন রায়হানের মা সালমা বেগম।
অনশনে বসার ছয় ঘণ্টা পর রোববার বিকেল ৫টায় সালমা বেগমকে শরবত খাইয়ে অনশন ভাঙান মেয়র। তার সঙ্গে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও নাগরিক আন্দোলনের নেতা আব্দুল করিম কিম উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় সাধারণ মানুষের বিবেকে নাড়া দিয়েছে। মানুষ মনের কষ্ট থেকে আন্দোলনে নেমেছেন। নগরবাসীর এই আন্দোলন সংগ্রামকে আমি সম্মান জানাই।
মেয়রের আশ্বাসে অনশন ভাঙার পর রায়হানের মা সালমা বেগম বলেন, আমি আর আশ্বাস শুনতে চাই না। এখন উদ্যোগ দেখতে চাই। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে এ কথা শুনতে চাই।
















