বিদেশে নাগরিকদের সতর্ক করে বিশেষ বার্তা দিল ফ্রান্স

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সৃষ্ট বিক্ষুব্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্স। মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক ও মৌরিতানিয়ায় বাস করা ফরাসি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

পাশাপাশি নাগরিকদের মহানবীর (সা.) কার্টুনের বিরুদ্ধে যে কোনো বিক্ষোভ এবং সব ধরনের জমায়েত এড়িয়ে চলার নির্দেশও দিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, বিশেষত ভ্রমণের সময় এবং পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচল বেশি এমন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হল।

এদিকে মঙ্গলবার ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুলিশের ধারণা, ৪০ হাজার লোক এ বিক্ষোভে অংশগ্রহণ করেছে।

আন্দোলনকারীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

পূর্ববর্তি সংবাদফরাসি পণ্যবয়কট ও দূতাবাস ঘেরাও কর্মসূচী আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত
পরবর্তি সংবাদকরোনাকালে এশিয়ায় বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি : পররাষ্ট্রমন্ত্রী