ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের ইসলাম বিদ্বেষী আচরণ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার এরাদায়ে তালিমিয়া বি-বাড়িয়ার উদ্যাগে আয়োজিত মিছিলে জেলার বিভিন্ন স্থানের মাদরাসা থেকে কয়েক হাজার ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, ফ্রান্সের ইসলাম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করাসহ সেই দেশের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন। পরে জামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মুবাররক উল্লাহ্ মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন। এছাড়া জেলার নবীনগর এবং আশুগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আশেকে এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) মুফতি মুবাররক উল্লাহ্। অন্যান্যের মাঝে সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া দারুল আরকাম মাদরাসার মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, জামিয়া সিরাজিয়া ভাদুঘর মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি বোরহান উদ্দিন আল মতিন, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি আব্দুর রহিম কাসেমী, সুহিলপুর মাদরাসার মোহতামিম মুফতি আজহার উদ্দিন, মুফতি নোমান হাবিবী প্রমুখ।
















