ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চুরি, তিন শিক্ষকের শাস্তি নির্ধারণে ট্রাইবুনাল গঠন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের গবেষণায় চৌর্যবৃত্তি প্রমাণিত হওয়ায় তাদের শাস্তি নির্ধারণে পৃথক দুটি ট্রাইব্যুনাল গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

অভিযুক্ত শিক্ষকরা হলেন, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক।

বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের সভায় আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রহমত উল্লাহকে আহ্বায়ক করে প্রথম ট্রাইব্যুনাল এবং সিন্ডিকেট সদস্য এডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিনকে চেয়ারম্যান করে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত একজন সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে জানান, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের যৌথ গবেষণায় চৌর্যবৃত্তির শাস্তি নির্ধারণে এর আগের সিন্ডিকেট সভায় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ট্রাইব্যুনালে কারা থাকবেন, তা সেদিন নির্ধারিত হয়নি। আজকের সভা থেকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই  ট্রাইব্যুনালের বাকী দুই সদস্য হবেন বিশ্ববিদ্যালয় সিনেটের একজন প্রতিনিধি ও অভিযুক্তদের পক্ষ থেকে একজন প্রতিনিধি। শিগগিরই ওই দুই সদস্যের নাম ঠিক করে উপাচার্য ট্রাইব্যুনালকে নির্দিষ্ট সময় বেঁধে দেবেন। এটি সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত হতে পারে।’

এছাড়া, চৌর্যবৃত্তির অভিযোগে ২০১৮ সালে সিন্ডিকেটের এক সভা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের ডিগ্রি বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি একাডেমিক কোনো শাস্তি পাননি। দ্বিতীয় ট্রাইব্যুনালে তার শাস্তি নির্ধারণ হবে।

উন্নয়ন ফি কমল অর্ধেক:

করোনা ভাইরাসের প্রকোপে শিক্ষার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি শিক্ষাবর্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

সিন্ডিকেট ওই সভায় বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন শীতকালীন ছুটি ১৭ দিনের পরিবর্তে সাত দিন করা হয়েছে। আর গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

পূর্ববর্তি সংবাদ‘কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়’
পরবর্তি সংবাদপ্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ, নবাব সলিমুল্লাহর নাতি পরিচয়দানকারী গ্রেফতার