ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানান, উপজেলার মটরা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ খানের (৬৫) বাড়ি ওই এলাকায়।
এলাকাবাসীদের বরাতে ওসি বলেন, “কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও দুই ছেলে পাভেল ও পারভেজের দুটি পুকুর মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনাটি মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে শুক্রবার বিকালে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
“এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন লতিফ খানকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।”
হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান খান সাংবাদিকদের জানান, সালিশে সংঘর্ষে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।
লতিফ খানের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানান।
















