ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে একটি হত্যা মালায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সরকারি কৌশলী গুলজার আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন। গত ফেব্রুয়ারী মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেগমগঞ্জের হাসান নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত হাসানের মা দেলোয়ারকে সাত নম্বর আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার দেলোয়ারকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রোববার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে বিচারক দেলোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নুর ইসলাম মিয়ার মেয়ের স্বামীর সাথে মনমালিন্য ছিলো দীর্ঘ দিন। স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি বাবার বাড়িতে চলে আসেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তিনি এক মেয়েকে বিয়ে আর ছেলে একলাশপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীরছাত্র। একাকিত্বের সুযোগে স্থানীয় বাদল ও দেলোয়ারের নেতৃত্বে এলাকার, রহিম, কালাম, ইসরাফিল ও তাদের সহযোগীরা ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর স্বামী শ্বশুর বাড়িতে আসে। তারা ঘরে অবস্থান করা কালে স্বামীসহ গৃহবধূকে আটক করে ব্যাপক নির্যাতন করে। তারা স্বামীকে বেঁধে রেখে অবৈধ সম্পর্কের কথা বলে বিবস্ত্র করে নির্যাতন করে।
এ সময় তার বিবস্ত্র নির্যাতনের নগ্ন ভিডিও ধারণ করে নির্যাতনকারীরা। তার পর থেকে পুরো পরিবারকে অবরুদ্ধ করে তারা। একপর্যায়ে নির্যাতিতাকে বাড়ি ঘর ছাড়তে বাধ্য করে। নির্যাতিতার কাছ থেকে টাকা দাবি করে তারা, পরে টাকা না দিলে ফেসবুকে নগ্ন ছবি ছেড়ে দেয়ার হুমকি দেয় নির্যাতনকারীরা। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবস্ত্র নির্যাতনের ভিডিও ভাইরাল হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বেগমগঞ্জ থানায় তিনটি পৃথক মামলা
দায়ের করে।
-এনটি
















