ইসলাম টাইমস ডেস্ক: ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দম্ভোক্তি ও দেশটির বহুতল ভবনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কার্টুন প্রকাশের প্রতিবাদে আগামীকাল (২ নভেম্বর) সোমবার ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ইসলাম টাইমসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক।
হেফাজতে ইসলামের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করবেন মাওলানা নূর হোসাইন কাসেমী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উগ্র ম্যাগাজিন শার্লি হেবদো ও ফ্রান্স সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দূতাবাস ঘেরাও কর্মসূচীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, আলেম-উলামা, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের তৌহিদী জনতা ও নবীপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান মাওলানা মাহফুজুল হক।
তিনি ইসলাম টাইমসকে বলেন, ফ্রান্সের এই ঘৃণ্য কাজের প্রতিবাদ জানানো প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। তাই নবীপ্রেমের জজবা থেকে সবাইকে এতে সাধ্য অনুযায়ী অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়া, নারী, শিশু, বৃদ্ধসহ যারা বিভিন্ন কারণে অংশ নিতে পারবেন না, ফ্রান্সের প্রতি সর্বোচ্চ ঘৃণা প্রকাশ করে দূতাবাস ঘেরাও কর্মসূচী সফলের জন্য তাদের কাছে দোয়ার আহ্বান জানান মাওলানা মাহফুজুল হক।
উল্লেখ্য, ফ্রান্সে মুসলিম হৃদয়ের স্পন্দন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশ করেছে দেশটির উগ্র ম্যাগাজিন শার্লি হেবদো। মত প্রকাশের স্বাধীনতার নামে সেই কার্টুন ক্লাস রুমে দেখান স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষক। তাকে গলা কেটে হত্যা করেন এক চেচেন যুবক। এরপর ফ্রান্সে শুরু হয় মুসলিম দমন-পীড়ন। সব ধৃষ্টতার সীমা ছাড়িয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়কে ক্ষত-বিক্ষত করে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশটির দুটি বিল্ডিং-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সেই কার্টুন প্রদর্শন।
ফান্সের এই ধৃষ্টতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
-এনটি
















