ফরাসি দূতাবাস ঘেরাও মিছিলে যা বললেন হেফাজত নেতৃবৃন্দ

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে  ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস অভিমুখে ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  ঘেরাও কর্মসূচিটি পুলিশের বাধায় শান্তিনগর মোড়েই শেষ হয়ে যায়।

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে ঘেরাও পূর্বক বক্তৃতা করেছেন নেতৃবৃন্দ।

বক্তৃতায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা, ফরাসি পণ্য বর্জন এবং সংসদে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানিয়েছেন ।

এ সময় ব্যবসায়ীদের ফ্রান্সের পণ্য দোকান থেকে ফেলে দেওয়ার আহ্বান জানান জুনায়েদ বাবুনগরী।

বিক্ষোভে ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, “এ আগুন নেভাতে হলে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে ফ্রান্সকে।”

ঢাকায় ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “আন্দোলনের পর আমরা সরকারের কার্যক্রম দেখতে চাই। সরকার ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর নায়েবে আমীর মাওলানা  মাহফুজুল হক বলেন, নবীর ইজ্জত পুরো বিশ্বের মুসলিমদের চেয়ে দামী। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গোটা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চাইলে এরচেয়েও ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও তাদের বয়কট করা মুসলিমদের ঈমানের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও সমাবেশে আরো অনেকে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল প্রমূখ।

উল্লেখ্য, ফ্রান্সে রাসূল সা. এর কার্টুন প্রদর্শনের ঘটনায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ঢাকাসহ বিভিন্ন জেলার মাদরাসাছাত্র, শিক্ষক ও সর্বস্তরের তৌহিদী জনতার গণজোয়ারে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ।

শান্তিনগর মোড়ে পুলিশি বাধার মুখে মোনাজাতের মাধ্যমে  শেষ হয় হেফাজতে ইসলামের কর্মসূুচি।

-এনটি

পূর্ববর্তি সংবাদমারা গেছেন মুসলিম-দরদী ব্রিটিশ প্রতিবেদক রবার্ট ফিস্ক
পরবর্তি সংবাদআসছে বছরে ২২ দিন সরকারি ছুটির ৭ দিনই পড়েছে শুক্র-শনিবারে