ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রকাশ বন্ধ হবে না বলে যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে তা গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়কে চরমভাবে আহত করেছে বলে মন্তব্য করেছেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।
আজ সোমবার দুপুরে আল-হাইআতুল উলয়ার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শন করে ফ্রান্স অমার্জনীয় অপরাধ করেছে উল্লেখ করে মাওলানা মাহমুদুল হাসান বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও ফ্রান্সের উৎপাদিত সব ধরণের পণ্য বর্জন করা।
এসময় তিনি অনতিবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এবং ফ্রান্সের পার্লামেন্টে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করার দাবি তোলেন।
এসময় তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ফ্রান্সের উপরোক্ত কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনের জোর দাবি জানান।
-এনটি
















