ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার একটি ভিডিও টুইটারে শেয়ার করে ইন্ডিয়ার ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি দলের নেতা এবং রাজ্যসভার সদস্য সুব্রামানিয়াম স্বামী মোদি সরকারকে আহবান জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ সরকারকে কঠোরভাবে বলা দরকার, এদের দমন করুন। অথবা বাংলাদেশ সরকারের হয়ে দমন করার কাজটি ইন্ডিয়া সেনা পাঠিয়ে করে দিতে পারে।’
গতকাল (২ নভেম্বর) সোমবার নিজের টুইটারে এ হুমকি দেন তিনি।
ভিডিও পোস্টটিতে দাবি করা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সের পক্ষে এক হিন্দু ব্যক্তির সমর্থনকে ঘিরে কুমিল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে।’
Bangladesh Govt needs to be sternly told: Crack down or India can send troops and crack down for you
— Subramanian Swamy (@Swamy39) November 2, 2020
এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে বেশ কয়েকবার আক্রমণাত্মক মন্তব্য করেছিল বিজেপির এই নেতা। ২০১৪ সালে ইন্ডিয়ার লোকসভা নির্বাচনের আগে সুব্রামানিয়াম দাবি করেছিল, ‘বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ ইন্ডিয়াতে বাস করে… বাংলাদেশ তাদের ফেরত না নিলে ইন্ডিয়াকে জমি ছেড়ে দেওয়া উচিত…’। (সমকাল, ২৭ এপ্রিল, ২০১৪)।
২০১১ সালেও তিনি হুমকি দিয়েছিলেন, (বাংলাদেশের) অবৈধ অভিবাসীদের জন্য ইন্ডিয়ার উচিত সিলেট থেকে খুলনা পর্যন্ত এক-তৃতীয়াংশ ভূমি দখল করে নেওয়া। (বিডিনিউজ২৪, ১২ ডিসেম্বর ২০১১)।
২০১৮ সালে এসে হিন্দুত্ববাদী এই ব্যক্তি বলেন, বাংলাদেশে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। এ ছাড়া মন্দিরে ভাঙচুর চালানোর পর সেগুলো দখল করা হচ্ছে। আর এগুলো বন্ধ না হলে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিলেন তিনি। (যুগান্তর, ০১ অক্টোবর ২০১৮)।
সৌজন্যে: জনপরিসর
এস এন
















