ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত দলের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে আড়াইহাজারে উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় ঘটনাটি ঘটে। পরে সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা। তবে ছিনতাইয়ের সময় মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। পরে ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বের হয়ে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। তবে এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ইলুমদী আমবাগ নামক এলাকায় সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্যের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের অন্য কোনো লক্ষ্য ছিল। হয়তো কোনো গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল তাদের। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মৃতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
















