ময়মনসিংহ শহরে বেড়ে গেছে ছিনতাইকারীদের দৌরাত্ম

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ শহরে ব্যাপকভাবে বেড়ে গেছে ছিনতাইকারীদের উপদ্রব। সন্ধ্যা নামতে না নামতেই শহরের বিভিন্ন মোড়ে নিরীহ পথচারীদের আড়ালে ডেকে নিয়ে ছিনতাই করছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ জাতীয় অপরাধ বন্ধে প্রশাসনের শক্ত পদক্ষেপ না থাকায় ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলে জানা গেছে।

ময়মনসিংহ হেল্পলাইন নামে ময়মনসিংহবাসীদের একটি ফেসবুক গ্রুপে গত দুই সপ্তাহে বেশ কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনার পোস্ট করা হয়েছে। শহরের চরপাড়া মোড়, নতুন বাজার, গাঙ্গিনার পাড়, মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সংঘবদ্ধ একটি চক্র নিরীহ পথচারী ও চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে আড়ালে ডেকে নিয়ে জোর করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী কেউ কেউ বলছেন, গোটা শহরের বিভিন্ন জায়গায় একাকী কোন পথচারীকে টার্গেট করে এসব ছিনতাই করা হচ্ছে। অনেক সময় দলবেঁধে অটো রিকশায় উঠে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে এই চক্রগুলো।

ভুক্তভোগীরা মনে করেন  প্রশাসনের কর্তা ব্যক্তি ও মেয়রের পক্ষ থেকে শহরে চলমান ছিনতাই ও চুরির বিরুদ্ধে শিগগির কোন ব্যবস্থাগ্রহণ করা না হলে এ জাতীয় অপরাধে জড়িতদের দৌরাত্ম আরো বেড়ে যাবে।

ময়মনসিংহকে রেড জোন উল্লেখ করে ময়মনসিংহ হেল্পলাইন গ্রুপটিতে অনেককেই পোস্ট দিতে দেখা গেছে, সেখানে তারা এই অপরাধ দমনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদরাজধানীতে আড়াই ঘন্টায় ৯ বাসে আগুন, গ্রেপ্তার ১০