কামরাঙ্গীরচরে দু’গ্রুপের দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে কিশোর নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় কিশোরদের দুই গ্রুপের দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে হামলায় অপু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সিহাব (১৭) ও শামীম (১৬) নামে আরও দুইজন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝাউচর খেলার মাঠে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত অপুর বন্ধু শাহাদত হোসেন জানান, শুক্রবার সকালে তাদের এলাকার ছোট ভাই শামীমকে মারধর করে ঝাউচর এলাকার কয়েক কিশোর। সন্ধ্যায় এ ঘটনার মীমাংসা করতে শাহাদত, অপুসহ কয়েকজন ঝাউচর খেলার মাঠে যায়। সেখানে ওই এলাকার সাঞ্জু, ইব্রাহীমসহ ১০-১২ জন লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা করে। একপর্যায়ে একজন কাঠ দিয়ে অপুর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় শামীম ও সিহাব আহত হয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অপুর মামা হাবিবুর রহমান জানান, কারা- কী কারণে অপুকে হত্যা করেছে তার কিছু আমি জানি না। এ ঘটনায় অপুর দুই বন্ধু শাহাদত ও আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক ফাঁড়ি পুলিশ আটক করেছে।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ক্রিকেট খেলা নিয়ে কিশোরদের মধ্যে একটা মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদখেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত
পরবর্তি সংবাদচট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা