ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় লোকজন আগের মতো আর টেস্ট করাতে আসেন না। তবে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ঔষধ ব্যবহার করা হয় আমাদের দেশেও ঠিক একই ঔষধ ব্যবহার করা হচ্ছে। করোনার প্রথম দিকে দেশে মাত্র একটি আরটি পিসিআর ল্যাব ছিল আর এখন দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে। যার মাধ্যমে মানুষ করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারছে।
তিনি বলেন, করোনাভাইরাসের জন্য আমরা অক্সফোর্ড ভ্যাকসিন গ্রহণ করছি। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারাল ইন্ডিয়ার সাথে চুক্তি করা হয়েছে। যখনই তারা তৈরি করবে এবং বাজরজাত করার অনুমতি পাবে তখনই আমরা ভ্যাকসিন পেয়ে যাব।
এ সময় কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. খান মো. আরিফ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম বক্তব্য রাখেন।
এম এস আই
















