ইসলাম টাইমস ডেস্ক: সদ্যসমাপ্ত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন তিনি। ট্রাম্পের দাবি, তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। দ্য গার্ডিয়ান।
নির্বাচন শেষ হওয়ার পর দীর্ঘ সময় ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত থাকেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সেই নীরবতা ভাঙেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের বিস্তার অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রজুড়ে আবারও লকডাউন শুরু করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করছি ভবিষ্যতে যে কোনো কিছু ঘটতে পারে। কোন প্রশাসন দায়িত্ব নেবে, তা কেউ বলতে পারে না। আমার ধারণা, এ জন্য সময় লাগবে।’ ট্রাম্পের এই ইঙ্গিতকে পরাজয় মেনে নেওয়ার আভাস বলে মনে করছেন অনেকেই।
তবে শুক্রবারও টুইট বার্তায় নির্বাচনে জালিয়াতি নিয়ে তার দাবিকে সমর্থন জানানোয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। আগামী শনিবার ওয়াশিংটনের পরিকল্পিত র্যালিতে তাকে থামানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৩২টি। সরকার গঠনে ৫৩৮টি ভোটের মধ্যে ন্যূনতম ২৭০ ভোট পেতে হয়।
ইজে
















