রোহিঙ্গা সংকট নিয়ে বাইডেন সোচ্চার হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার সোচ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ব রাজনীতিবিদ। তার সাথে আগেও আমরা কাজ করেছি। তিনি নির্বাচিত হওয়ার ফলে আমেরিকার সাথে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে বিষয়েও তার সরকার সোচ্চার হবে বলে আমরা আশাবাদী।’

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে এখন অং সান সুচি সরকারের বহির্বিশ্বের কাছ থেকে বদনাম ঘোচানোর পালা।’

বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও উন্নত হওয়ার আশা ব্যক্ত করে আবদুল মোমেন বলেন, ‘আমেরিকা সব সময়ই মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। নতুন সরকারও মানবাধিকার ও জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা আশা করছি, বাইডেন সরকারের সময় বিশ্বে কোনো ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না। বিশ্ব শান্তি রক্ষায় নতুন সরকার ভূমিকা রাখবে। একই সাথে বাংলাদেশের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে। ব্যবসা-বাণিজ্য, অভিবাসনসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে।’

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইউএনবি

এম এস আই

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড় সিডরের ১৩ বছর পার হলেও মানবেতর জীবন যাপন করছে অনেক পরিবার
পরবর্তি সংবাদজম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার