দূর্নীতিতে আবারও রেড জোনে বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক : চলতি অর্থবছরে (২০২০-২১) দুর্নীতি ও রাজনৈতিক অধিকারসহ ১৩টি সূচকে ফের রেড জোনে (খারাপ অবস্থান) নাম উঠেছে বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের (এমসিসি) মূল্যায়নে বাংলাদেশের এ অবস্থান।

এর আগের তালিকায় (২০১৯-২০) ছিল একই জোনে ১২টি সূচক। এবার নতুন করে যোগ হয়েছে ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি)। আর ২০১৮-১৯ সালে ছিল ১১টি এবং ২০১৭-১৮ সালে ছিল ৭টি সূচক।

সম্প্রতি প্রকাশিত এমসিসি ‘বাংলাদেশ স্কোর কার্ড-২০২০-২১’ শিরোনামের মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। ২০টি সূচকের মধ্যে অধিকাংশই লাল চিহ্ন হওয়ায় এবারও মিলছে না মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান।

স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে এ ফান্ডে যুক্ত হয় বিভিন্ন দেশের নাম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এ ফান্ডে যুক্ত হতে পারছে না।

এ প্রসঙ্গে ইআরডির আমেরিকা উইংয়ের যুগ্ম সচিব কবীর আহমেদ রোববার বলেন, অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু স্কোরের উন্নতি করা যায়নি। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়।

এমসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে এ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা আমাদের তথ্য খুব বেশি গ্রহণ করতে চায় না। ফলে এক্ষেত্রে উন্নতি করাটা প্রায় দুরূহ হয়ে পড়েছে। তবে আমরা আবারও চেষ্টা শুরু করব। যাতে এ ফান্ডে যুক্ত হওয়া যায়। 

পূর্ববর্তি সংবাদষাটোর্ধ প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত
পরবর্তি সংবাদমারা গেছেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী