নাটোরে আদালত চত্বরে ধর্ষণের আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

ইসলাম টাইমস ডেস্ক: নাটোর আদালত চত্বরে বৃহস্পতিবার এক ধর্ষণ মামলার আসামির সাথে ধর্ষিতার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর আসামিকে জামিন দেন জেলা ও দায়রা জজ আবদুর রহমান।

আজ বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ১৮ অক্টোবর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর গ্রামে ওই আসামির বিরুদ্ধে ভুক্তভোগী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ১৯ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

আজ মামলার শুনানির দিন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম আসামির জামিন আবেদনের পাশাপাশি উভয় পরিবার বিয়ে দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে বলে বিষয়টি আদালতকে অবহিত করেন। পরে, নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার ভুক্তভোগীর সঙ্গে আসামির বিয়ে সম্পন্ন হওয়ার পর তার জামিন মঞ্জুর করেন। এ সময় আদালতে বাদী এবং আসামী পক্ষের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এটিকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করেছেন আসামিপক্ষের আইনজীবী।

এম এস আই

পূর্ববর্তি সংবাদমজনুর চিৎকার: ‘আমি ধর্ষণ করি নাই, আল্লাহ বিচার করব রে..’
পরবর্তি সংবাদওবায়দুল কাদের বললেন, ‘ধর্মনিরপেক্ষতার চেতনার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই’